হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পইলের মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত পেরিয়ে শনিবার ভোর পর্যন্ত এ মেলা চলবে। মেলার আয়োজন করে পইল ইউনিয়ন পরিষদ।
সদর উপজেলার পইল গ্রামে শত বছর ধরে চলে আসছে এ মেলা। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এ মেলা বসে। এবারের মেলায় সবচেয়ে বড় বাঘাই মাছ নিয়ে আসেন শহরতলীর জালালাবাদ নোয়াগাঁও গ্রামের মোকাদ্দিছ আহমেদ। তিনি মাছটির দাম হাঁকেন ৬০ হাজার টাকা।
তিনি জানান, মাছটির ওজন ৬০ কেজি। উপযুক্ত দাম না পেলে তিনি এটি বিক্রি করবেননা।
আয়োজকরা জানান, মেলায় হবিগঞ্জ ছাড়াও মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নানা বয়সী কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা আসেন। প্রতি বছরের মত এবারও এ মেলায় রয়েছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ।
