বিনিরাইলে জামাইদের মাছের মেলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৮:৩৩
মূলত এ মেলা জামাইদের মাছ কেনার মেলা। মানে মাছের মেলা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামের মাছের মেলার কথা বলা হচ্ছে।
 
বিনিরাইল এবং এর আশপাশে গ্রামে যারা বিয়ে করেছেন, সেসব জামাইরা হচ্ছে ওই মেলার মূল ক্রেতা ও দর্শণার্থী। আর এ মেলায় জামাইদের মধ্যে চলে এক নীরব প্রতিযোগিতা। কোন জামাই মেলার সবচেয়ে বড় মাছটি ক্রয় করে শশুরবাড়িতে নিয়ে যেতে পারেন সেই প্রতিযোগিতা। 
 
একটা মাছকে ঘিরে ক্রেতা জামাইদের জটলা লেগে আছে। মাছের নাম বাঘাড়। বিক্রেতা দাম হেঁকেছেন ২২ হাজার টাকা। ক্রেতাদের মধ্যে স্থানীয় রামচন্দ্রপুর এলাকার জামাই ফারুক মাছটির দাম সর্বোচ্চ ১১ হাজার টাকা বলছেন। কিন্তু বিক্রেতা আরো বেশি দাম পাবার আশায় মাছটি ছাড়ছেন না। চলছে দর কষাকষি। যতনা ক্রেতা তার চেয়ে অনেক বেশি উৎসুক জনতা ভিড় জমিয়েছেন মাছটি দেখার জন্য। পৌষ মাসের শেষে মাঘ মাসের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে উপজেলার জামালপুর, বক্তারপুর ও জাঙ্গালীয়া ইউনিয়নের মধ্যে বিনিরাইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলায় গিয়ে দেখা যায় এই দৃশ্য।