সাতক্ষীরায় জাতীয় কমিটির সুধী সমাবেশ

রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সুন্দরবন ধ্বংস হবে : আনু মুহাম্মদ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৯:৩৬
 
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সুন্দরবন ধ্বংস হবে। ধ্বংস হবে সুন্দবনের জীব বৈচিত্র। শুক্রবার বিকেল ৫টায় সাতক্ষীরা জেলা পুরাতন আইনজীবী ভবন মিলনায়তনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাতক্ষীরা শাখার এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
তিনি জানান, সুন্দরবনের সন্নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়িত হলে সুন্দরবন ধ্বংস করতে তিন মাসই যথেষ্ট। বিদ্যুৎ কেন্দ্র চালুর পর প্রতিদিন শতাধিক জাহাজ আসবে সুন্দরবন হয়ে। যদি কোন দুর্ঘটনা নাও ঘটে তারপরও ধ্বংস হবে সুন্দরবন। সরকার বারবার বলছে এর বাতাস সুন্দরবনের দিকে যাবে না। কিন্তু এটি মিথ্যাচার। কোম্পানির সাথে যুক্ত লোকজন ছাড়া দেশের বেশিরভাগ মানুষ এর পক্ষে নয়।
 
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সাতক্ষীরা শাখার আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আজিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, গণ সংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু ও জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা সদস্য সচিব অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু।
 
উল্লেখ্য, বিদ্যুৎ উৎপাদনের নামে সরকারের সুন্দরবন ধ্বংসকারী প্রকল্প বাতিলসহ ৭ দফা দাবিতে আগামী ১০-১৫ মার্চ ঢাকাসহ সারাদেশ থেকে সুন্দরবন অভিমুখে লংমার্চ সফল করার জন্য তেল গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এ সমাবেশ অনুষ্ঠিত হয়।