হোমনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা সিএনজি ধর্মঘট প্রত্যাহার করেছে চালকরা। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সংসদ সদস্য মো. আমির হোসেন ভূইয়ার আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য বলেন, 'রাতে সিএনজি চালকরা আমার এখানে এসেছিল। তারা যে দাবি দাওয়া উত্থাপন করেছে তাদের দাবিও যৌক্তিক। আমি চালকদেরকে বলেছি, আপনাদের দাবির বিষয়গুলো প্রশাসন এবং প্রয়োজনে সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। '
হোমনার একাংশের সিএনজি চালক সমিতির সভাপতি মোবারক হোসেন বলেন, 'এমপি আমাদের দাবি পূরণের আশ্বাস দিলে আমরা ধর্মঘট প্রত্যাহার করি। '
উল্লেখ্য, হোমনা ও এর আশে পাশে কোথাও সিএনজি পাম্ম না থাকায় উপজেলার সিএনজি চালকরা গ্যাস নিতে হাইওয়ে সড়কের আধা কিলোমিটার পার হয়ে গৌরিপুরে সিএনজি পাম্প থেকে গ্যাস নিতে হয়। কিন্তু প্রশাসন তাদেরকে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত হাইওয়ে রুট পার হয়ে গ্যাস আনার সময়সীমা বেধে দেয়। চালকদের অভিযোগ, তারা প্রশাসনের বেধে দেয়া সময়ের মধ্যে পাম্পে পৌঁছতে পারলেও সিএনজির সংখ্যা অনেক থাকায় গ্যাস নিতে ৮টা পার হয়ে যায়। আর আটটা পার হয়ে গেলেই পুলিশ তাদের সিএনজি নিয়ে আটকে রাখে। পরে তা হস্তগত করতে পুলিশকে উৎকোষ দিতে হয়। এর প্রতিবাদে চালকরা রাত আটটার পর থেকে সকাল আটটা পর্যন্ত হাইওয়ে রুট ব্যবহার করে পাম্পে গিয়ে গ্যাস নেয়া এবং এসময় পুলিশি হয়রানি বন্ধের দাবিতে শুক্রবার থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছিল।
