বাল্যবিয়ের আয়োজন করায় নীলফামারীর ডিমলা উপজেলায় কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম এই জরিমানা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান জানান, রাতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের রশিদুল ইসলামের মেয়ে ও ছাতনাই কেরামতিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম (১৮) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও রেজাউল করিম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়। বিয়ের অনুষ্ঠান থাকা অনেকেই পালিয়ে গেলেও কনের বাবা রশিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
থানায় রশিদুল ইসলাম মেয়ের বাল্যবিয়ে দিবে না মর্মে লিখিত অঙ্গীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। সঙ্গে সঙ্গে কনের বাবা জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
