রাজশাহীর পুঠিয়া উপজেলায় শনিবার দুপুরে বাসে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল ও গুলিসহ মো. তিতাস (১৯) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
তিতাস চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের নুরশেদ আলীর ছেলে এবং শিবগঞ্জ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুঠিয়া থানার এসআই আসাদুজ্জামান বলেন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বেলপুকুর মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের যাত্রী তিতাসের কোমরে দুটি পিস্তল ও ১০টি গুলি পাওয়া যায়।
তিতাস ১০ হাজার টাকার বিনিময়ে এই অস্ত্র ও গুলি ঢাকার কলাবাগানে পৌঁছে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
