মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবি ছাত্র ইউনিয়নের

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৮:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে বাদ দিয়ে মেট্রোরেলের রুটের নকশা পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
 
শনিবার দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী এ দাবি জানান।
 
লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেলের রুট নির্মাণ হলে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের প্রতীকগুলো উন্নয়নের ডামাডোলে ক্ষতিগ্রস্ত হবে। রাজু ভাস্কর্যের একটি অংশ আজীবন মেট্রোরেলের রুটের ছায়ায় ঢেকে যাবে। জাতীয় যাদুঘর, চারুকলা, তিন নেতার মাজার ঐতিহ্যের অংশ হয়েও ক্ষতিগ্রস্ত হবে। তাই, মেট্রোরেলের রুটটি পরিবর্তন করে বিকল্প রুট ব্যবহার করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
 
জাতীয় ঐতিহ্য সংরক্ষণের নীতিমালা লঙ্ঘন করে মেট্রোরেলের রুটের নকশা তৈরি করা হয়েছে অভিযোগ করেন ছাত্র ইউনিয়নের এই নেতা।
 
মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে ১৮ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফয়েজ উল্লাহ, কোষাধ্যক্ষ রাফী আল আমিন ও বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা সাধারণ সম্পাদক শুভ মোদক এ সময় উপস্থিত ছিলেন।