চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় তিন শিশুকে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ গ্রামের মিজানুর রহমান (৪৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৩৭)।
শনিবার দুপুরে এক শিশুর বাবা বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলাটি করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে ফসলি জমি থেকে আলু চুরির অভিযোগে সবজি ব্যবসায়ী মিজানুর রহমান উপজেলার এনায়েতপুর গ্রামের সিয়াম (১১), জিদান (১২) ও সিয়ামের খালতো বোন সুবর্ণা আক্তারতে (১১) নিয়ে খড়ের গাদার সঙ্গে বেঁধে রাখেন।
পুলিশ জানায়, ওই শিশুদের প্রতি এমন আচরণের ঘটনাটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম বলেন, ‘এ ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনতে সিয়ামের বাবা বিল্লাল হোসেন মামলাটি করেছেন। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’
