ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের বেহাল অবস্থা, চিকিৎসা সেবা ব্যাহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২১:০৪
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগে চরম নৈরাজ্য, স্বেচ্ছাচারিতা আর বিশৃঙ্খলার মহোৎসব চলছে । যে যেভাবে পারছেন নিয়ম ভাঙ্গছেন পাল্লা দিয়ে। ছুটি-ছাটার তোয়াক্কা না করে কর্মস্থলে অনুপস্থিত খোদ সিভিল সার্জন। কাউকে কিছু না জানিয়ে উধাও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক। আর হাতে নাতে এসব ঘটনার প্রমাণ পেয়েছেন স্বয়ং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা।
 
শনিবার সকাল নয়টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালটির ৪৩ জন চিকিৎসকের মধ্যে ২০ জনকেই অনুপস্থিত দেখতে পান তিনি। এদের মধ্যে চারজনই সিনিয়র কনসালটেন্ট আর আটজন জুনিয়র কনসালটেন্ট।
শুধু তাই নয়, শহরে মাদরাসা ছাত্রদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষের পরের দিন থেকে হদিস নেই হাসপাতালটির তত্ত্বাবধায়ক নূরে আলম সিদ্দিকীর। কাউকে কিছু না জানিয়ে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে আসছেন না তিনি। শুধু তত্ত্বাবধায়ক নন, তার সঙ্গে পাল্লা দিয়ে অনুপস্থিত রয়েছেন ৩য় শ্রেণির ১৪ কর্মচারী।
 
চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীরা জানান, বেশিরভাগ চিকিৎসক না থাকায় হাসপাতালটির চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যদিও অনেকে ছুটির দরখাস্ত দিয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু এর সত্যতা পাননি খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
 
এদিকে অন্যদের সঙ্গে তাল মিলিয়ে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক।
 
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের এমন নাজুক পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী রোগীরা। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম।