বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগ বাদল সেরনিয়াবাতকে (৪৫) মারধরের অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
বরিশালের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। কনস্টেবল মোকলেছুর রহমানকে আগৈলঝাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি আগৈলঝাড়া থানার ওসির গাড়ি চালক ছিলেন।
আহত বাদল সেরনিয়াবাতকে (৪৫) আশোকাঠী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
বাদল সেরনিয়াবাতের স্ত্রী তাছলিমা বেগম বলেন, বাদল গাছ কেটে কেনাবেচার করেন। শনিবার বেলা ১১টার দিকে ওসি মনিরুল ইসলাম তার গাড়ি নিয়ে সেরাল গ্রামে সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়িতে যাচ্ছিলেন। রাস্তার পাশে থাকা গাছের কারণে গাড়িটি চলতে কিছুটা বাধার সৃষ্টি হলে ওসি গালি দেন। বাদল এর প্রতিবাদ করলে ওসি এবং তার গাড়ি চালক তাকে লাঞ্ছিত এবং টেনেহিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেন। এ ঘটনার বিচার দাবিতে স্থানীয়দের নিয়ে বাদল সংসদ সদস্যের বাড়িতে গেলে সেখানেও তাকে মারধর করা হয়।
সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় কনস্টেবল মোকলেছুরকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
