দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে নীলফামারীর জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এ সংবর্ধনাকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৯টি তোরন নির্মাণ করে। সংবর্ধনাস্থল হতে প্রতিটি তোরনের নিচে শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীকে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠান শুরুর কথা প্রচার করলেও বোর্ড চেয়ারম্যানকে বিপুল সংখ্যক মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে সংবর্ধনাস্থলে নিয়ে আসে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বেলা তখন ১২টা বেজে ৪৫ মিনিট।
সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে অঘোষিত ছুটি থাকে। দুপুর ১.৩০ মিনিটে শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত।
জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব আমিনুল হক সরকার, উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, উপ-বিদ্যালয় পরিদর্শক আলতাব হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
বোর্ড চেয়ারম্যান আহমেদ হোসেন তার বক্তব্যে জলঢাকা কলেজের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, দুপুরের মধ্যেই জলঢাকা কলেজে কোন শিক্ষক থাকে না। তিনি স্থানীয় সংসদ্যের উদ্দেশ্যে বলেন, আমরা দুজনে মিলে জলঢাকা ব্যাপক উন্নয়ন করতে পারি যদি আপনি আমাকে সহযোগিতা করেন।
