বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ১১টায়

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০৯:৪৩
আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হতে যাচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামাত ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে শুরু হবে মূল দোয়া-মোনাজাত। যার মধ্যদিয়ে এ বছরের মতো সমাপ্তি ঘটবে তিন দিন ধরে চলা তাবলীগ জামাতের লাখ লাখ মুসল্লির ইজতেমা।
 
ইজতেমা কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শে ভারতের দিল্লির মারকাজের শূরা সদস্য হযরত মাওলানা মুহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
 
বিশ্বের মানুষের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের প্রায় ৩০-৩৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা।
 
এদিকে, শুক্র ও শনিবার দুদিন ধরে ইজতেমা মাঠে পুরোটা সময় ইবাদত-বন্দেগিতে নিয়োজিত ছিলেন মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আম বয়ান অনুষ্ঠিত হয়।
 
ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে শনিবার বিকাল থেকেই ওই এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।