বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের অপেক্ষায় মুসল্লিরা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১১:০৭
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো ধর্মপ্রাণ মুসল্লি।  দু’হাত তুলে মহান অাল্লাহর দরবারে নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়া আর সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করার ক্ষণ।  মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামাতের আসর ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের আয়োজন।
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে শুরু হবে মূল মোনাজাত।  যার মধ্য দিয়ে এ বছরের মতো সমাপ্তি ঘটবে তিনদিন ধরে চলা তাবলীগ জামাতের লাখ লাখ মুসল্লির ইজতেমা। 
 
কর্তৃপক্ষ জানায়, তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শে ভারতের দিল্লির মারকাজের শূরা সদস্য হযরত মাওলানা মুহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
 
সারা দুনিয়ার মানুষের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের প্রায় ৩০-৩৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা।
 
এদিকে, শুক্র ও শনিবার দু’দিন ধরে ইজতেমা মাঠে পুরোটা সময় ইবাদত-বন্দেগিতে নিয়োজিত ছিলেন মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আম বয়ান অনুষ্ঠিত হয়।
 
দ্বিতীয় পর্বে ১৬টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।  ইজতেমায় মুসল্লিদের অংশ নেয়ার জন্য জেলা অনুযায়ী পুরো প্যান্ডেলকে ২৯টি খিত্তায় ভাগ করা হয়েছে।