নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- অটোরিকশার চালক মো. হেলাল (৩০) ও যাত্রী কবির হোসেন (৪৫)। দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় এসআই মো. জাহের বলেন, বেগমগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে বাংলাবাজার এলাকায় পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।
