ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় আজ রবিবার সকাল সাড়ে ৭টায় ঘনকুয়শার কারণে ট্রাক-বাস-সিএনজি-কাভার্ডভ্যান চতুর্মুখী সংঘর্ষে অন্তত ৪০জন যাত্রী আহত হয়েছে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকায় পাঠানো হয়েছে তাদের। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে ৩ শতাধিক বিভিন্ন যানবাহন। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সোনারমপুর এলাকায় আজ রবিবার সকাল ৭টায় ঘনকুয়শার কারণে ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাস ও সিলেটগামী কাভার্ডভ্যান মুখোমুখি প্রথম সংঘর্ষ হয়। সাথে সাথে কুয়শার কারণে পিছন থেকে আরো ৪টি ট্রাক-সিএনজির সংঘর্ষ ঘটে। এতে অন্তত ৪০জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাাজা থেকে আশুগঞ্জ উপজেলার বাহাদুর পর্যন্ত অন্তত ৫ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
IMG0
খবর পেয়ে বিশ্বরোড হাইওয়ে পুলিশ ও আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টায় দুর্ঘটনাকবলিত গাড়ি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
IMG1
বিশ্বরোড হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলমগীর সিদ্দিক জানান, নিজস্ব রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
