গাজীপুরের কালীগঞ্জে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের মীরেরটেক গ্রামে এক ভূমি কর্মকর্তার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি ভূমি কর্তকর্তার পরিবারের।
ভূমি কর্মকর্তার নাম মো. তাজুল ইসলাম। তিনি জেলার শ্রীপুর উপজেলার তাওরাইদ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী।
ডাকাতির ঘটনা প্রতিবেশীরা ডাকাত দলকে আটক করার চেষ্টা করলে ডাকাত দল ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ সময় ককটেল বিস্ফোরণে এক এলাকাবাসী আহত হন। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার এবং ওই গ্রামের পাশের একটি জঙ্গল থেকে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
ভূমি কর্মকর্তার বড় ভাই মফিজুল ইসলাম (৫৫) জানান, ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। মূল কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে বাড়িতে থাকা মফিজুলের স্ত্রী, মেয়ে শান্তু (২০), জেবু (১৯) ও ছেলে ফয়সাল (১২) হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা, আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন সেট ও দামি কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।
উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এটা আসলে ডাকাতি না ডাকাতির প্রস্তুতি। ’
