জয়পুরহাটের কালাই উপজেলার মোল্লাপাড়া গ্রামে নৈশ্য প্রহরীকে হত্যার পর বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় মোল্লা পাড়া গ্রামের মসজিদের ইমাম আব্দুল হামিদকেও আহত করেছে তারা। রবিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত নৈশ্য প্রহরী শাহানুর রহমান (৪৫) একই উপজেলার ইন্দাহার গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
আহত আব্দুল হামিদকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, 'মধ্যরাতে ৮-১০ জনের এক দল দুর্বৃত্ত মোল্লাপাড়া গ্রামের মাঠে এসে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করার সময় শাহানুর তাতে বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাকেও আঘাত করে। '
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ' এ ব্যাপারে নিহতের ভাই আব্দুল হান্নান বাদি হয়ে থানায় মামলা করেছেন বলেও ওসি জানান।
