চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৪:৫৭
চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে একই পরিবারের দুই শিশুসহ ৪ জন বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার দুপুর ১ টার দিকে দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয়।
 
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গত ২০১১ সালের মার্চ মাসের মাঝামাঝি দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে কক্সবাজারের চকরিয়া থানার মাধুরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফাতেমা বিবি (৩৮), বড় ছেলে হেলাল উদ্দীন (১৭), মোহাম্মদ হোসেন (১০) ও মেয়ে আয়েশা খাতুন (৭) কাজের সন্ধানে ভারতে যান। এ সময় ভারতের মালদহ রেলষ্টেশন থেকে রেলওয়ে পুলিশ তাদেরকে আটক করে মালদহ থানায় সোপর্দ করে।  পরে তাদেরকে আদালতের মাধ্যমে দুই শিশু আয়েশা খাতুন ও মোহাম্মদ হোসেনকে কলকাতা আনন্দ আশ্রম সেফহোমে এবং মা ফাতেমা বিবি ও হেলাল উদ্দীনকে কারাগারে পাঠায়। দীর্ঘ ৫ বছর পর সাজার মেয়াদ শেষ হলে দর্শনা সীমান্ত দিয়ে রবিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে ফেরত দেয়। এরপর তাদেরকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়। 
 
বৈঠকে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গার ৬ ব্যাটালিয়নের দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পরিদর্শক ডি কুমার দাসসহ উভয় দেশের ইমিগ্রেশন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।