যুক্তরাষ্ট্রের মিশিগানে ফ্লিন্ট শহরে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শহরটির পানীয় জলে সীসা দূষণ ধরা পড়ার পর এই ব্যবস্থা নিলেন প্রেসিডেন্ট। পুরনো পাইপ থেকে সীসাযুক্ত পানি সরবরাহ লাইনে ঢুকে পড়ায় দূষণ সৃষ্টি হয়েছে।
গত অক্টোবরে সরবরাহ করা পানি ও শিশুদের রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি ধরা পড়ে। এর আগে দুর্গন্ধযুক্ত পানির কারণে মাথা ঘোরা ও চর্মরোগ হওয়ার অভিযোগ করেছিলেন শহরের বাসিন্দারা। সীসা দূষণের ফলে শিশুদের শেখার প্রক্রিয়া ব্যাহত হওয়া ও আচরণগত সমস্যা দেখা যায়।
জরুরি অবস্থা জারি করায় কেন্দ্রীয় সরকারের পাঁচ মিলিয়ন ডলার খরচ করতে পারবে নগর কর্তৃপক্ষ। এই সপ্তাহের শুরুতেই শহরের গভর্নর রিক স্নাইডার ওয়াশিংটনের কাছে ৩১ মিলিয়ন ডলার চেয়েছিলেন। তিনি বলেন, প্রায় এক লক্ষ মানুষের শহরের প্রয়োজন মেটাতে পারছে না রাজ্য সরকার। তবে প্রেসিডেন্ট ওবামা এই পরিমাণ অর্থ ছাড় করতে অস্বীকার করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। সূত্র: বিবিসি
