ডিবি পুলিশ পরিচয়ে পিস্তল ও হ্যান্ডকাপ দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর বাজার থেকে সবজি, মাছ, মাংস ও মুরগি নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে ছুটে গেলেও পাওয়া যায়নি ডিবি পুলিশ পরিচয়ধারী ওই প্রতারকের কোনো খোঁজ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রবিবার বিকেল তিনটার দিকে সাদা পোশাকধারী এক ব্যক্তি জীবননগর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সবজি, দুটি মুরগি ও তিন কেজি মাছ বাকীতে নেন। পরে ডিবি পুলিশ পরিচয়ধারী ওই প্রতারক এক মাংস ব্যবসায়ীর কাছে গিয়ে দুই কেজি গরুর মাংস বাকীতে নেন। ওই ব্যবসায়ী বাকীতে মাংস দিতে অস্বীকার করলে ওই প্রতারক কোমর থেকে পিস্তল বের করে ও হ্যান্ডকাপ দেখিয়ে হুমকি দেয় এবং মাংস ব্যাগে ভরে দেয়ার নির্দেশ দেয়। কসাই শওকত আলী ভীত হয়ে তার ব্যাগে মাংস ভরে দেন। এ সময় ওই প্রতারক ক্যাম্পে গিয়ে টাকা পরিশোধ করার কথা বলে তার সঙ্গে লোক পাঠাতে বলে। কসাই শওকত তার ভাতিজাকে সঙ্গে দিলে প্রতারক ওই ডিবি তাকে মোটরসাইকেলে নিয়ে হাসাদাহের দিকে রওনা করে। জীবননগর-কালীগঞ্জ সড়ক হয়ে যাওয়ার পথে তেঁতুলিয়া বিজিবি ক্যাম্পের কাছে মাংশ ব্যবসায়ীর ভাতিজাকে নামিয়ে ওই প্রতারক চম্পট দেয়।
খবর পেয়ে ইউএনও নুরুল হাফিজ ঘটনাস্থল ছুটে যান এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য থানা পুলিশকে নিদের্শ দেন।
থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানায়।
