সিরাজগঞ্জে নিজের ঘরে গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ০৩:৫৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শহরের মুকুন্দগাতি বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে নিজের ঘরে ক্ষতবিক্ষত এবং মৃত অবস্থায় রোববার রাতে এক গৃহবধূর লাশ পাওয়া গিয়েছে।

রশিদ মাস্টারের (৮৪) তিন কক্ষের টিনশেড ঘরের একটি বাসা এক সপ্তাহ আগে ভাড়া নিয়েছিল দুই শিশুকন্যাসহ ওই দম্পতি। ওই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু মৃতদেহ পাওয়া গেলেও স্বামী এবং মেয়েদের কোন সন্ধান পায়নি পুলিশ। তাদের নাম-ঠিকানাও জানাতে পারেননি বাড়িওয়ালা। 

বেলকুচি থানার এসআই আমিরুল ইসলাম বলেন, “সারাদিন ওই ঘরের খোলা দরজায় পর্দা ঝুলতে দেখেছেন রশিদ মাস্টার ও তার স্ত্রী। কিন্তু সন্ধ্যার দিকে তারা খেয়াল করেন সারাদিনে তারা ওই ঘরের কারও সাড়া পাননি।”

রশিদ মাস্টার পুলিশকে বলেছেন, সন্দেহ হওয়ার পর ঘরে উঁকি দিয়ে ক্ষতবিক্ষত ওই নারীর লাশ দেখতে পান তিনি। এরপর থানায় খবর দেন।

এসআই বলেন, নিহতের মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।

নিহত নারীর ঘরে কাগজপত্রের মধ্যে একটি চিরকুটে ‘পপি’ নামটা পাওয়া গেছে বলে জানিয়েছেন এসআই আমিরুল। তবে এটি ওই নারীর নাম কি না, তা এখনও নিশ্চিত নয় পুলিশ।