পাবর্ত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্তের ব্র্যাক কর্ণফুলী চা বাগানের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। রবিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত দুই ম্যানেজার বর্তমানে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর আগে গত বুধবার ভূমি বিরোধকে কেন্দ্র করে ওই চা বাগান এলাকায় উপজাতীয়দের ৮টি ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই বাগান এলাকার বাসিন্দাদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এদিকে বাগানের দুই কর্মকর্তার ওপর হামলার ঘটনার পর লক্ষ্মীছড়ি জোনের বাইন্যাছড়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
ব্র্যাক কর্ণফুলী চা বাগান সূত্র জানায়, রবিবার বাগানের ফেনুয়া ডিবিশনের ২৮ নম্বর ব্লক পরিদর্শনে যান কর্ণফুলি চা বাগানের ম্যানেজার মো. শাহনেওয়াজ (৫০), ট্যাকবাড়িয়া ডিভিশনের ম্যানেজার মো. ইলিয়াছ (৫২) এবং লেলাং ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবুল হোসেন (৪৩)। প্রতিদিনের মতো তারা দ্যুদ্যাখোলা সংলগ্ন ওই এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১০-১৫জন উপজাতীয় সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের ঘিরে ফেলে। নাম পরিচয় জানার পরই সন্ত্রাসীরা তাদের এলোপাথারি মারধর শুরু করে। বেদম প্রহারে তারা অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে শ্রমিকরা তাদের আহত অবস্থায় উদ্ধার করেন।
