চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের কেবিনে ঢুকে ছিনতাইয়ের পর এক নারীকে ধর্ষণের ঘটনায় চার যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে কর্মচারীরা। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় চাঁদপুর নৌ টার্মিনালের কাছাকাছি এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- মাদারীপুর জেলার সমিতির হাট এলাকার আতাহার মোল্লার ছেলে সুজন (২৫), ঢাকা শ্যামপুর পোস্তাখোলা, করিম উল্যাহবাগ আতিক উল্যাহর ছেলে ইমরান (২৫), একই এলাকার হারুনুর রশিদের ছেলে সাব্বির হোসেন (২০) ও মো. মফিজুর রহমানের ছেলে রজব আলী (২৬)।
লঞ্চের মাস্টার মতিউর রহমান জানান, ঢাকা থেকে লঞ্চটি ছেড়ে আসার পর চাঁদপুরের কাছাকাছি মেয়েটির চিৎকার শুনে লঞ্চের ৩৩২ নম্বর কেবিনে যুবকদেরসহ তালাবদ্ধ করে রাখা হয়। পরে লঞ্চটি চাঁদপুরঘাটে আসার পর নৌ-পুলিশ মেয়েটিসহ সোহেল ও ধর্ষণকারীদের আটক করে। রাতেই তাদেরকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, মেয়েটি মাদারীপুরের প্রেমিক সোহেলের সঙ্গে তার বাড়িতে যাচ্ছিলেন। লঞ্চে উঠার পর ৪ যুবক তাদের পিচু নেয়। পরে সোহেলকে মারপিট করে কেবিন থেকে বের করে তারা পালাক্রমে ধর্ষণ করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সকাল ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আটকদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।
