আব্দুল গাফ্ফার সুমন, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ-আমতলী সড়কের বদরশাহ মাজার সংলগ্ন এলাকায় একটি কালভার্ট পুনঃনির্মাণের জন্য ওই স্থানের পুরাতন কালভার্টটি ভেঙে সড়কে বড় গর্ত করে প্রায় এক মাস ফেলে রেখেছে নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। দীর্ঘদিনেও নির্মাণ কাজ শুরু না করায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। সড়কটিতে চলতে গিয়ে যাতায়াতে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন উত্তর ঝলম, আমতলী, হাজিপুরা, গজরাপাড়া, চৌরাইশ, বেরনাইয়া, শমসেরপুর, শ্রীয়াং, ইসলামপুর, কেশতলা, দৈয়ারা, প্রতাপপুর, বাংলাইশসহ অন্তত পনেরোটি গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, ঠিকাদারের লোকজন পুরনো কালভার্টটি ভেঙে সড়কের মধ্যখানে গর্ত করে চলে যায়। প্রায় এক মাস অতিবাহিত হলেও নির্মাণ কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ বেড়েই চলেছে।
এ বিষয়ে মৈশাতুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, কালভার্ট নির্মাণের জন্য সড়কটির মধ্যখানে গর্ত করে রাখায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যাতায়াতে অসুবিধায় পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। জনদুর্ভোগ লাঘবে অতি তাড়াতাড়ি কাজটি শুরু করার দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার এর সঙ্গে কথা হলে তিনি জানান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই কাজটি শুরু করার কথা জানান তিনি।
