বিভিন্ন স্থানে এলজিইডি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:০২

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছে। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম মহিউদ্দিনকে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জসিম উদ্দিন কর্তৃক গ্রেফতারের ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি দেয় বিক্ষুব্ধরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

সুনামগঞ্জ: জেলা এলজিইডি ভবনের সামনের সুনামগঞ্জ-সিলেট সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলা এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন। সংহতি জানিয়ে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবিল আয়াম, জেলা বিএডিসির সহকারী প্রকৌশলী খালিকুজ্জামান কল্লোল। আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আনোয়ার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শামীম হাসান, দোয়ারাবাজার উপজেলা এলজিইডির প্রকৌশলী হরিজিত সরকার, তাহিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাইদুল্লাহ, শাল্লা উপজেলা এলজিইডির প্রকৌশলী মাহমুদুর রহমান, হিলিপ প্রকল্পের জেলা সমন্বয়কারী বুলবুল আহমেদ, জেলা এলজিইডির উচ্চমান সহকারী মো. সিদ্দিকুর প্রমুখ।

কুমিল্লা:সকাল ১১টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সার্কিট হাউস সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেছুর রহমান, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী এবং ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জসহ ৭ জেলার নির্বাহী প্রকৌশলী এবং ১৩ জেলার বিভিন্ন উপজেলার এলজিইডি প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার: দুপুরে মৌলভীবাজার এলজিইডি কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ খান। সিনিয়র সহকারী প্রকৌশলী ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলার প্রকৌশলী জহির মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হাই বিশ্বাস ও হিসাব রক্ষক মো. ফারুক হোসেন।

নওগাঁ: দুপুরে শহরের এলজিইডি ভবনের সামনের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এলজিইডির নওগাঁর নির্বাহী প্রকৌশলী নাঈম উদ্দীন মিয়ার সভাপতিত্বে সিনিয়র সহকারী প্রকৌশলী তোফায়েল আহমেদ ও মোরশেদুল হাসান, সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বক্তব্য রাখেন। এ সময় ১১টি উপজেলার প্রকৌশলীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর: সকালে রংপুর জেলা এলজিইডির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন এলজিইডি রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম হারুণ উর রশীদ, নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন, নির্বাহী প্রকৌশলী শহীদ আবুল কালাম, নির্বাহী প্রকৌশলী আব্দুল বাসেদ, সিনিয়র প্রকৌশলী মোঃ কাওছার আলম, প্রশাসনিক কর্মকর্তা জাহিদ লতিফসহ অন্যান্য সিনিয়র সহকারী প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বরিশাল: সকাল ১০টায় এলজিইডি অফিসের সামনে মানববন্ধন করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। এতে এলজিইডি’র বরিশালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পটুয়াখালী: সকাল ১০টায় পটুয়াখালী এলজিইডি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন পটুয়াখালী এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী অফিসের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্র দেবনাথ, সিনিয়র সহকারী প্রকৌশলী মেহেদী হাসান খান, সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান প্রমুখ। এই কর্মসূচিতে পটুয়াখালী এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন উপজেলা প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।