কক্সবাজারের টেকনাফে ৬১ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর ও সকালে টেকনাফ উপজেলার জাদিমুড়া নাফনদীতে আলাদা অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন- টেকনাফ জাদিমুড়ার মৃত জহির আহমদের ছেলে সাব্বির আহমদ (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ।
তিনি জানান, সোমবার সকালে মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে তিনিসহ বিজিবির একটি টিম নাফনদীর মোহনায় অবস্থান করে। এসময় একটি কাঠের নৌকা করে পাচারকারীরা ওই এলাকার কাছাকাছি আসলে তাদের ধাওয়া করে নৌকাসহ আটক ওই পাচারকারীকে আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ২১ হাজার ৫৫২ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম ৬৪ লাখ ৩৫ হাজার টাকা।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, এর আগে ভোরে একই এলাকায় নাফনদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি পলিথিন ব্যাগে ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধারের দাবি করেন তিনি। তবে এসময় কেউ আটক হননি। উদ্ধার ইয়াবার আনুমানিক দাম ১ কোটি ২০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরদফতরে রাখা হয়েছে, যা পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।
ওই কর্মকর্তা আরও জানান, এদিকে ইয়াবাসহ আটক সাব্বিরকে থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
