আড়াইহাজারে তুলাবাহী পিকআপে আগুন, চালক অগ্নিদগ্ধ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৪:৩৫
আড়াইহাজারে তুলাবাহী পিকআপে আগুন লেগে চালক হুমায়ুন কবির (৪০) অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে। চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। 
 
আহত চালক হুমায়ুন কবির জানান, সকালে তিনি নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে তুলা নিয়ে পিকআপে (ঢাকা মেট্রো-ও-১৪-০৮৭৬) যোগে আড়াইহাজার উপজেলার দুপ্তারা বাজারে রফিকের দোকানে নিয়ে যাচ্ছিলেন। দুপ্তারা বাজারের কাছাকাছি এসে দেখতে পান, তার চলতি গাড়ির পেছন দিকে তুলায় আগুন জ্বলছে। তিনি তাড়াতাড়ি করে নামতে গিয়ে তার হাত ও মুখের অনেকাংশ পুড়ে যায়। ঘটনাস্থলে তুলাসহ পুরো পিকআপটি পুড়ে যায়। স্থানীয় লোকজন চালক হুমায়ুনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
 
চালক হুমায়ুনের ধারণা, চলতি গাড়িতে পেছন দিক থেকে কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে।
 
আহত হুমায়ুন চাঁদপুর জেলার সোনারগাওয়ের বাশিক খেরিহর গ্রামের আ. আউয়ালের ছেলে। ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার তদন্ত চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ বলতে পারছে না পুলিশ। 
 
আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য কেন্দ্রর আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল ভুইয়া জানান, চালক হুমায়নের হাত এবং পাসহ শরীরের কয়েকটি অংশ পুড়ে গেছে। তবে তার বিপদ হওয়ার সম্ভাবনা নেই।