কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে। এ সময় বিএসএফের লাঠির আঘাতে অপর দুইজন গুরুতর আহত হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে।
জানা গেছে, সোমবার ভোরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর সীমান্তে কয়েকজন ব্যবসায়ী গরু পাচারের জন্য সীমান্তে গেলে ভারতের বলরামপুর ক্যাম্পের বিএসএফের টহল দল তাদের আটক করে বেদম প্রহার করে। এ সময় উপজেলার দক্ষিণ ঢলডাঙ্গা গ্রামের হুজুর আলীর পুত্র আব্দুল গণি (৪৫) ঘটনাস্থলেই মারা যান। বিএসএফের প্রহারে গুরুতর আহত অবস্থায় হোসেন আলীর পুত্র রইস উদ্দিন (৩০) ও আলাউদ্দিন (২৫) পালিয়ে আসতে সক্ষম হয়। তারা রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর দুপুরে বিজিবির কাছে বিএসএফ লাশ হস্তান্তর করেছে।
কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাকির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
