বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শর্তহীন ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাগেরহাটের শরণখোলার শিক্ষক-কর্মচারীরা।
সোমবার শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সমিতির আহ্বায়ক মো. সুলতার আহমেদ গাজী ও সদস্য সচিব মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এযাবৎকাল কোনো শর্ত ছাড়াই জাতীয় বেতন স্কেল পেয়ে আসছেন। কিন্তু ৮ম বেতন স্কেল প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা ও যোগ্যতাভিত্তিক অনুদান-সহায়তা বৃদ্ধির বিষয়টি শিক্ষক-কর্মচারীদের মারাত্মকভাবে আহত করেছে। মীমাংসিত বিষয়টি জটিল করে একটি মহল বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রের সফলতা ম্লান করতে অপপ্রয়াস চালাচ্ছে।
