টেকনাফে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৮:৫৫
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় সালমা আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
 
সোমবার সকালে উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সালমা ওই বাড়ির আলী আহমদ ওরফে কালা মিয়ার স্ত্রী।
 
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার হোয়াইক্যং বালুখালী গ্রামের বাসিন্দা কালা মিয়ার স্ত্রী সালমা আক্তারের রুম বন্ধ দেখে ঘরের লোকজন থানায় খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সালমা আক্তারের লাশ উদ্ধার করে।
 
নিহতের বাবা কবির আহমদ বলেন, ‘২০১৪ সালে সালমার সঙ্গে হোয়াইক্যং বালুখালী এলাকার বাসিন্দা আলী আহমদের বিয়ে হয়। তাদের ঘরে এক বছরের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই শ্বশুর বাড়ির লোকজন সালমার উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। তারা আমার মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে।’
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।  লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।’