মোহনগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬৫ গুলি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২০:৩৫
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষে তিনজন পৌর কাউন্সিলরসহ অন্তত ২০ আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে ৬৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন দাঁড়ানো অবস্থায় যাত্রী উঠার সময় পৌর শহরের নওহাল গ্রামের রকি ও উপজেলার বিরামপুর গ্রামের পিয়াসের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এরই জের ধরে ওই দিন বিকেলে দুই গ্রামবাসীর মধ্যে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় কয়েক দফায় সংঘর্ষ হয়। এ সময় প্রতি পক্ষের ধারাল অস্ত্রাঘাতে নব-নির্বাচিত পৌর কাউন্সিলর আব্দুল মজিদ (৪০), সাবেক পৌর কাউন্সিলর হিরা মিয়া (৩৮), আব্দুল হান্নান (৫৮), গ্রামবাসী সাইদুল হক (৩৫), হৃদয় মিয়া (২০), হারুন অর রশিদ (৩৮), রকি মিয়া (২৭), জহিরুল ইসলাম রিপন (৪০), ইদ্রিস মিয়াসহ (৩৫) অন্তত ২০ আহত হন।
 
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।