রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিত্সকদের কর্মবিরতি

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:০৩

চিকিত্সক লাঞ্ছিত

রংপুর অফিস

মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিত্সককে লাঞ্ছিত করেছেন স্বজনরা। এর প্রতিবাদ ও পাঁচ দাবিতে ইন্টার্নি চিকিত্সকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

জানা গেছে, ওইদিন ভোরে মহানগরীর মাহিগঞ্জের মৃত বছির উদ্দিন মিয়ার স্ত্রী রহিমা খাতুনকে (৯৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করান স্বজনরা। এ সময় রোগীকে দেখার জন্য কর্তব্যরত চিকিত্সক ও নার্সদের জানালে তারা অপারগতা প্রকাশ এবং অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ওই রোগীর মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্বজনরা কর্তব্যরত  চিকিত্সক ও নার্সদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ডা. হালিমা ও আলেয়াকে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদ ও পাঁচ দফা দাবিতে হাসপাতালের ইন্টার্নি চিকিত্সক পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। এ ছাড়া, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায়কে স্মারকলিপি দিয়েছেন।

অপরদিকে, মৃত রোগীর স্বজন আমিনুল ইসলাম দিনার ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায় জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।