ফেনী হাসপাতাল থেকে ৭ মাসের শিশু চুরির অভিযোগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২১:১০
ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এলাকা থেকে সোমবার দুপুরে মেহেদী হাসান (৭ মাস) নামে একটি শিশু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
 
শিশু মেহেদী হাসান ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
 
শিশুটির মা মোহছেনা আক্তার জানান, সোমবার সকালে শীতজনিত রোগে অসুস্থতার কারণে শিশু সন্তান মেহেদীকে নিয়ে তিনি ফেনী সদর হাসপাতালে যান। টিকিট নিতে তিনি ছেলেকে নিয়ে হাসপাতালের বহির্বিভাগের কাউন্টারে দাঁড়ান। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি টিকেট কাউন্টারে দাঁড়ানো অপর দুই নারীর কাছে নিজের ছেলেকে রেখে শৌচাগারে যান। শৌচাগার থেকে বেরিয়ে ছেলেকে দেখতে পাননি। এ সময় পাশে থাকা ওই নারীরাও ছিলেন না।
 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, ‘হাসপাতালের একটি ফার্মেসির সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।  তবে এ ঘটনায় তদন্ত চলবে।’