কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আশানুরূপ বাড়ছে না

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:০৩

চুয়েটে সেমিনারে সুলতানা কামাল

চট্টগ্রাম অফিস

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল বলেছেন, নারীরা বর্তমানে উচ্চ-শিক্ষিত হচ্ছে, ডিগ্রিধারী হচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আশানুরূপ বাড়ছে না। উচ্চশিক্ষা গ্রহণ করেও সুবর্ণ সুযোগ নিয়েও সমাজে অবদান রাখতে না পারলে সেটা সামাজিক অপরাধ হয়।

গতকাল মঙ্গলবার নারী দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যৌন নিপীড়নমূলক কার্যকলাপ কঠোরভাবে দমনের লক্ষ্যে গঠিত অভিযোগ কমিটির আয়োজনে ‘প্রযুক্তি ও প্রগতিতে নারী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সুলতানা কামাল এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।  এর আগে সকালে পুরকৌশল বিভাগের সামনে থেকে নারী দিবস-২০১৯ উপলক্ষ্যে এক আনন্দ র্যালি বের করা হয়।