শিশুর শীত পোশাক

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১০:৩৯
 
বড়দের মতো এখন শিশুরাও ফ্যাশন সচেতন হয়ে উঠছে। শীতের সময় আপনার শিশুর জন্য বুঝেশুনেই শীতের পোশাক কিনতে হবে—পোশাকে যেন ফ্যাশন থাকে আবার শীতও নিবারণ হয়। এই সময়ে শিশুর শীত পোশাক কেমন হতে পারে, তা নিয়ে লিখেছেন আফরোজা মোহনা।
 
শীতের পোশাকগুলো সাধারণত ভিতরের জামাকাপড়কে ঢেকে দেয়। তাই ছোটদের সোয়েটারটি হতে হবে রঙিন। এ দিকটি মাথায় রেখে শীতের পোশাকে যোগ করা হচ্ছে বিভিন্ন রং। মেয়ে শিশুদের ফতুয়া ও ফ্রকে যোগ করা হয়েছে হুডি আর থ্রি-কোয়ার্টার প্যান্টের বদলে ফুলপ্যান্ট। শীতের পোশাকের কাপড় সুতি হলে পরতে আরামদায়ক হয়। তাই শিশুদের বেশিরভাগ শীতের পোশাক করা হয়েছে সুতির কাপড়ে। এরসঙ্গে রয়েছে ডেনিমের প্যান্ট আর উলের সোয়েটার। এছাড়া চামড়ার জ্যাকেটও কিনতে পারেন। শিশুদের উল ও চামড়ার শীতের পোশাক কিনতে চলে যেতে পারেন নগরীর বিভিন্ন শপিংমলে। এবার মেয়ে শিশুদের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান এবং উল ও কাশ্মিরি সোয়েটার বেশ চলছে। লাল, নীল, হলুদ, গোলাপি রঙের পাশাপাশি সাদা রঙের সোয়েটারও শিশুরা পছন্দ করছে। প্রতি বছরই যুক্ত হচ্ছে নতুন নতুন ডিজাইন আর কাটিং। শিশুর শীতের পোশাকে জিন্সের ফ্রক, স্কার্ট, উলের সেট, বেবিকিপার, রেকসিনের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান, উল ও ক্যাশমেয়ার বেশ চোখে পড়ছে। এছাড়া বৈচিত্র্যময় মাফলার, নতুন ডিজাইনের কানটুপিও বাজারে পাওয়া যাচ্ছে। ছোট ছোট মাফলারে নানা রকম ঝুল বেশ আকর্ষণীয় করে তুলেছে এগুলোকে। দেশীয় ফ্যাশন হাউসগুলোতে শিশুদের জন্য পাওয়া যায় নানা ডিজাইনের হুডি, ফুল স্লিভ টি-শার্ট, ফুলস্লিভ পলো টি-শার্ট, ম্যাগি হুডি ইত্যাদি। সেইসঙ্গে রাজধানীর বড় বড় শপিং মল, নিউমার্কেট, গাউসিয়া এবং গুলশান, বনানীর বিভিন্ন পোশাকের আউটলেট থেকেও কিনতে পারবেন শিশুদের ফ্যাশনেবল শীত পোশাক।