বাঙালির শীত মানেই কাঁথা-মুড়ির দিন নয়, বরং পিঠাপুলির উত্সবে মাতে সবাই। এবারের আয়োজনে নানা স্বাদের পাকনের রেসিপি দিয়েছেন তানজিন তিপিয়া।
নারকলি পাকন উপকরণ: নারকেলের পুরের জন্য: ২ টেবিল চামচ তেল গরম করে, নারকেল কোরানো ২ কাপ ও চিনি ১ কাপ দিয়ে ১০ মিনিট নাড়ুন।
কাইয়ের জন্য :ময়দা ২ কাপ, তেল ৩ টেবিল চামচ, পানি প্রয়োজনমত।
প্রণালি: কাইয়ের জন্য উপকরণগুলো লবণ অল্প দিয়ে একসঙ্গে মেশান। যতটা সম্ভব ৪ কোণা করে বেলুন। মাঝখানে নারকেলের পুর দিয়ে রুটি মুড়ে, ডুবো তেলে ভেজে ফেলুন।
ছাঁচের পাকন
উপকরণ: ময়দা ২ কাপ+৩ টেবিল চামচ, পানি ২ কাপ, চিনি ৪ টেবিল চামচ, লবণ ১ চিমটি।
প্রণালি: উপকরণগুলো মিশিয়ে পাকনের মিশ্রণ তৈরি করুন। বড় কড়াইতে বেশি তেল গরম করুন, যাতে ছাঁচ ডুবে যায়। লোহার ছাঁচটি খুব গরম করে মিশ্রণে অর্ধেক ডুবিয়ে খুব তাড়াতাড়ি তেলে দিয়ে সাবধানে ঝাঁকাতে থাকুন, হালকা রং ধরলেই নামিয়ে নিন।
বি.দ্র. এই পাকনটি বয়াম বা প্লাস্টিক বক্সে ১ সপ্তাহ রাখতে পারবেন।
পুয়া পাকন
উপকরণ: ময়দা ২ কাপ, পানি দেড় কাপ, কলা ১টি (হাতে চটকানো), চিনি ৫ টেবিল চামচ, লবণ ১ চিমটি।
প্রণালি :সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে ফেলুন।
বি.দ্র. মিশ্রণটি বড় কাপে বা জগে তৈরি করুন। তেলে ভাজতে সুবিধা হবে, পুয়ার আকারও সুন্দর হবে।
নোনতা পাকন
উপকরণ: ময়দা ১ কাপ, পানি প্রয়োজনমতো, কালো জিরা ১ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ ১/২ চা চামচ।
প্রণালি :সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ময়দার কাইটি ৪ ভাগ করুন। রুটি বেলে দু’বার ভাজ করে ডুবো তেলে হালকা সোনালি করে ভেজে ফেলুন।
বি.দ্র. এই পাকনটি ১ সপ্তাহ বয়াম/প্লাস্টিক বক্সে রাখা যায়।
