ইত্তেফাক রিপোর্ট
বিশ্বের প্রায় ৮৫ কোটি মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছে। প্রতি বছর ২৪ লাখ মানুষ ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি রোগে মারা যাচ্ছে। অন্যদিকে প্রায় ১ কোটি ৩০ লক্ষ লোক আকস্মিক কিডনি রোগে আক্রান্ত হন প্রতি বছর। এদের মধ্য থেকে প্রায় ১৭ লক্ষ রোগী অকাল মৃত্যুবরণ করে। বয়স্কদের দীর্ঘমেয়াদি কিডনি রোগ বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি বিষয়। অথচ এ বিষয়ে নেই জনসচেতনতা। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. ফখরুল ইসলাম এ তথ্য জানান। উক্ত হাসপাতাল আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. মো. ফিরোজ খান, হাপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. আলতাফ হোসেন ও মো. সোহরাব আকন্দ প্রমুখ।
জনসচেতনতা বাড়াতে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদিবস, স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে হাসপাতালটি। অধ্যাপক ডা. ফখরুল ইসলাম জানান, ১৪ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা পরামর্শ দেওয়া হবে। ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের কিডনি সম্পর্কিত সিরাম ক্রিটিনিন, ইউরিন আর/ই, পরীক্ষা ও ডেন্টাল চেক-আপ বিনামূল্যে করানো হবে। এর মধ্যে ১০ জন গরীব রোগীকে বিনামূল্যে অপারেশনের সুবিধাও দেওয়া হবে। ৩০ হাজার টাকায় প্যাকেজে কিডনির পাথর অপারেশন ও ২২ হাজার টাকায় প্রোস্টেট অপারেশন করানো হবে বলেও জানান তিনি। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশু বিশেষজ্ঞ চিকিত্সকরা বিনামূল্যে চিকিত্সা পরামর্শ দেবেন। ২৬ মার্চও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিত্সা পরামর্শ দেওয়া হবে।
