বিমানবন্দরে মশা মারতে হাইকোর্টের রুল

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা মারতে জরুরি পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে মশা নিধনে কর্তৃপক্ষের অবহেলা কেন বেআইনি ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান ও সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিমানবন্দর সংলগ্ন ওয়ার্ড কমিশনারকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।  এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালত বলেন, এর সঙ্গে দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত।

গত ২৬ ফেব্রুয়ারি বিমানবন্দরের মশা নিধনে ব্যবস্থা নিতে বিবাদীদের লিগ্যাল নোটিস দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ। কিন্তু জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। শুনানিতে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের দেশের সুনামকে প্রতিনিধিত্ব করে। অথচ কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে বিমানবন্দরের ভেতরে মশার উত্পাত বেড়ে চলেছে। এতে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।