ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধারের পর সোনার পরিমাণ ১৫ কেজি বলে জানিয়েছিলেন কাস্টমসের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান।
সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম ও মো. রফিকুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান এই শুল্ক কর্মকর্তা।
তিনি বলেন, সন্ধ্যায় ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ওই সোনা পাওয়া যায়। ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় অবতরণ করে। তল্লাশি চালিয়ে টয়লেটের ভেতরে কালোটেপ মোড়ানো অবস্থায় ১১০পিস সোনার বার পাওয়া যায়।
