গাইবান্ধায় বাস উল্টে নিহত ২

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১২:১৫
রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা কলেজের সামনে উল্লাস পরিবহন নামের একটি যাত্রীবাহী নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে উল্টে যায়। এতে অজ্ঞাত পরিচয় ওই কোচের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। 
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ফুয়াদ রুহানী স্থানীয়দের বরাত দিয়ে জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা নীলফামারীর জলঢাকাগামী উল্লাস পরিবহনের একটি নৈশ কোচ ওই এলাকায় পৌঁছলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় লাগে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক যাত্রী মারা যান। এছাড়া বাসে থাকা কমপক্ষে আরো ১৪ নারী-পুরুষ আহত হন।