রাজউকে সেবা বঞ্চিতদের নিয়ে দুদকের গণশুনানি

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:৩৮
 
রাজউকে সেবা বঞ্চিতদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানির প্রচারণা শুরু হয়েছে। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে নগরব্যাপী প্রচারণার উদ্বোধন করেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দুদক দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে। জনগণ নাগরিক সনদ অনুযায়ী সেবা পাচ্ছে কি না তা যাচাই করতে এ আয়োজন। এ উদ্যেশেই আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে গণশুনানি হবে। এতে রাজউকের কার্যক্রম সংক্রান্ত অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সমস্যা নিরসন করে ভুক্তভোগীরা যাতে উন্নত সেবা পান সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
 
দুদক কমিশনার আরো বলেন, ছাড়পত্র বা নকশা অনুমোদনে হয়রানির শিকার হলে, ক্রয়সূত্রে বা উত্তরাধিকার সূত্রে মালিকানা হস্তান্তর বা নামজারির ক্ষেত্রে হয়রানি বা কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ভোগান্তির শিকার যারা হয়েছেন এবার তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও রাজউক চেয়ারম্যানের সামনেই কথা বলার সুযোগ পাচ্ছেন।
 

নাসিরউদ্দীন আহমেদ বলেন, গণশুনানির উদ্দেশ্য ধর-পাকড় করা নয় বরং আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা। রাজউক অফিসে কোনো ধরনের হয়রানির শিকার হয়ে থাকলে তাদের গণশুনানিতে দালিলিক তথ্যাদিসহ হাজির হয়ে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণকে সচেতন করার মাধ্যমে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।