মাদকাসক্ত যুবকের বটির কোপে জখম ৮

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:৪৩
 
রাজধানীতে মাদকাসক্ত যুবকের ধারালো বটির কোপে এক শিশুসহ আট ব্যক্তি আহত হয়েছেন। বুধবার দুপুরে কদমতলী জাপানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
মাদকাসক্ত ওই যুবকের নাম রকি (২৫)। পুলিশ বটিসহ ওই যুবককে আটক করেছে। এদিকে জখম স্বামী আব্দুল আলিম (৪০) ও স্ত্রী সুমি বেগম (৩৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন। বাকিরা প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে গেছেন।
 

সুমি জানান, তারা জাপানি বাজার এলাকার আবুল বাশারের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। দুপুর একটার দিকে স্থানীয় মাদকসেবী রকি মাছ কাটার ধারালো বটি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির ভাড়াটিয়াদের এলোপাতারি কোপাতে থাকে। এতে তারা দুইজন ও এক শিশুসহ ৮ জন আহত হন। এ সময় এলাকাবাসী তাদের চিত্কার শুনে এসে রকিকে আটকের পর পুলিশে সোপর্দ করে। আহত আব্দুল আলিম জানান, রকি মাদকাসক্ত। সে প্রায় পাগলামী করে। কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ধারালো অস্ত্রসহ রকিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।