নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ আসাদ দিবস পালিত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২১:৪৩
নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ বুধবার শহীদ আসাদ দিবস পালিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন রাজধানীর শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়া আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন ছিল দিনভর।
 
১৯৬৯ সালের এইদিনে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র সমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আসাদুল্লাহ মোহাম্মাদ আসাদুজ্জামান আসাদ।
 
সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ আসাদ পরিষদ, রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশর ওয়ার্কার্স পার্টি, মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ঐক্য ন্যাপ, বাসদ (মার্কসবাদী), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, নাগরিক ঐক্য, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, বাংলাদেশ যুব ইউনিয়ন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সাপ্তাহিক একতা, সিপিবি-নারী সেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিপ্লবী ছাত্র মৈত্রী, সহ বিভিন্ন দল-সংগঠনের নেতৃবৃন্দ এবং সিপিবির বিভিন্ন থানা ও শাখার নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে শহীদ আসাদ দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ বক্তব্য রাখেন।