কুমিল্লায় বিএনপি ও জামায়াতের হরতাল-অবরোধে পেট্রোল বোমায় নিহত যশোরের নুরুজ্জামান পপলু ও তার মেয়ে স্কুল ছাত্রী মাইশা তাসনিমের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ৩৫৩ দিন পর যশোর শহরের ঘোপ কবরস্থান থেকে তাদের লাশ উত্তোলন করা হয়। এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় যশোরের ঠিকাদার জেলা শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা নুরুজ্জামান পাপলু ও তার মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী মাইশা তাসনিমসহ আটজন নিহত হন। এদের মধ্যে সাতজনকে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়। কিন্তু গত বছরের ২ সেপ্টেম্বর কুমিল্লার আমলি আদালত-৫ এর বিচারক মুনতাসির আহমেদ তাদের লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন।
যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
