দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী: আনিসুজ্জামান

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২০:২৬
বিশিষ্ট বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, দেশের ভবিষ্যৎ সম্পর্কে আমরা প্রত্যেকে আশাবাদী হতে পারি এবং আমরা দেখি যে আমাদের চাইতেও বাহিরের বিশ্ব ও অনেক বড় করে এই আশাবাদ ব্যক্ত করেছে। তারা বলেছে বাংলাদেশ আদর্শ উন্নয়নের উদাহরণ হয়ে থাকবে। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
 
বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনার আনিসুজ্জামান এসব কথা বলেন। বর্তমান সরকারের ৭ বছর পূর্তি উপলক্ষে ‘দিন বদলের ৭ বছর’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ।
 
আনিসুজ্জামান আরো বলেন, ‘বর্তমান সরকার তাদের অঙ্গীকার অনুযায়ী মানবতাবিরোধীদের অপরাধের বিচার এবং রায় কার্যকর করেছে। আমাদের যেমন গড় আয় ও আয়ু বেড়েছে। আমরা শিক্ষা ও সামাজিক খাতসহ আর কয়েকটি খাতে অগ্রসর হয়েছি। বাংলাদেশের অভাবনীয় সাফল্য অর্জন হয়েছে।’
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অর্থনীতিবিদ বিনায়ক সেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন, অর্থনীতিবিদ শামসুল আলম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাংবাদিক নেতা ও ইটিভির সিইও মঞ্জরুল ইসলাম বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনার পরিচালনা করেন আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।