চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঠাণ্ডা হাওয়ায় দুর্ভোগ মানুষের

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ০০:৩৬
চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাত্ বেড়েছে শীত। বুধবার গভীর রাত থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গতকাল সকালের দিকে বৃষ্টির ঝাপটা কমে এলেও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়ে জনজীবন। ফলে সকালে নগরীর রাস্তায় চিরচেনা কর্মচাঞ্চল্য ছিল না। স্কুলগামী শিশুদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলেছে বেশ দেরিতে। সূর্যের দেখা মেলেনি সারা দিনে। আজ শুক্রবারও এ অবস্থা থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।     
 
এদিকে শীত ও বৃষ্টিতে দুর্ভোগ বাড়ে শ্রমজীবী মানুষের। বৃষ্টির কারণে দিনমজুর, রিকশা-ভ্যান চালকসহ ছিন্নমূল মানুষদের দুর্ভোগ ছিল চরমে। সকালে কর্মক্ষেত্রে পৌঁছাতে বিলম্ব হয় অনেকেরই। কেউ কেউ ছাতা নিয়ে পায়ে হেঁটেই কর্মস্থলের দিকে যাত্রা শুরু করেন।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২১ ও ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৪ দশমিক ২ মিলিমিটার।