তৃণমূলের প্রার্থী তালিকায় চমক মিমি, নূসরত

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:৩৮

 ‘মিশন৪২’কে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে একঝাঁক নতুন প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ৪২ আসনের তালিকা ঘোষণা করেছেন তার মধ্যে নতুন মুখ ১৭ জন। বাদ পড়লেন ৮ এমপি। প্রার্থী তালিকায় চমক অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নূসরত জাহান। বাদ পড়েছেন দুই তারকা এমপি তাপস পাল এবং সন্ধ্যা রায়। প্রার্থী তালিকায় ১৬ জন মহিলা, ৭ জন মুসলিম। তৃণমূলের দুই এমপি সৌমিত্র খান এবং অনুপম হাজরা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের জায়গায় নতুন প্রার্থী দেওয়া হয়েছে।

কয়েকজনের প্রার্থীর আশনের রদবদলও করা হয়েছে। অভিনেত্রী মুনমুন সেন বাঁকুড়া থেকে তৃণমূলের এমপি ছিলেন। তাকে প্রার্থী করা হয়েছে আসানসোল কেন্দ্রে। এই কেন্দ্রের এমপি বিজেপির বাবুল সুপ্রিয়। নূসরত জাহান লড়বেন মুসলিম অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্র থেকে, মিমি চক্রবর্তী কলকাতার যাদবপুর কেন্দ্র থেকে। অভিনেতা দেব এবং অভিনেত্রী শতাব্দী রায় লড়বেন তাদের পুরনো আসন থেকেই। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মৌসম নূর লড়বেন তার পুরনো আসন মালদা উত্তর থেকেই।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা আগেই ঘোষণা করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৪২টিই জিততে চান। সেই লক্ষ্যেই একাধিক আসনে নতুন প্রার্থী বলে তৃণমূল সূত্রে জানা গেছে।

প্রার্থী না হওয়াদের মধ্যে উল্লেখযোগ্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি। তিনি মমতা ব্যানার্জি এমপি পদ থেকে পদত্যাগ করার পর তার জায়গা দক্ষিণ কলকাতায় দাড়িয়ে যেতেন। বাঁকুড়ার এমপি ছিলেন মুনমুন সেন। সেই আসনে প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি। মমতা ব্যানার্জির ভাতিজা ও তৃণমূলের এমপি অভিষেক ব্যানার্জি লড়ছেন ডায়মন্ড হারবাল আসন থেকেই। দার্জিলিং কেন্দ্রে প্রার্থী হলেন গোর্খা জনমুক্তি মোর্চা থেকে তৃণমূলে যোগ দেওয়া অমর সিং রাই। তিনি দার্জিলিংয়ের এমএলএ ছিলেন। বেশ কয়েকটি আসনে মমতা দলের এমএলএদের এমপি পদে প্রার্থী করেছেন।