রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২১:১৮
রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার রাজশাহীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২০ ডিসেম্বর রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
 
এদিকে গত ১৮ জানুয়ারি থেকে রাজশাহী অঞ্চলে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দুইদিন পর শনিবার দুপুরে সুর্যের দেখা পাওয়া গেলেও শীতের তীব্রতা কমেনি। বিশেষ করে সকালে থমকে যায় নাগরিক জীবনযাত্রা।
 
শীতের কারণে মানুষের স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়ে। দিনমজুর শ্রেণির মানুষ রয়েছেন সীমাহীন কষ্টে। ভোর থেকে অনেকে খড়খুটো সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তীব্র শীতের হাত থেকে বাঁচার চেষ্টা করেছেন।
 
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কিছুটা কমতে থাকে। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, শনিবার  রাজশাহী অঞ্চলে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর সঙ্গে মৃদৃ শৈত্যপ্রবাহ বইছে। বেলা ১১টার দিকে তাপমাত্রা কিছুটা বেড়েছে।