প্লাস্টিক পণ্য রফতানিতে নগদ সহায়তা বাড়ানো হবে : পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২১:৫৪
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, প্লাস্টিক শিল্পের প্রসার ও রফতানি বাড়াতে এই খাতে নগদ সহায়তা বৃদ্ধি করা হবে।
 
তিনি বলেন, বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্যের বিশাল বাজার ধরতে এই শিল্পের প্রসার দরকার। আমরা এখনও প্লাস্টিক পণ্য রফতানি এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করতে পারিনি। রফতানি বাড়াতে এই খাতে নগদ সহায়তার পরিমাণ আরো বৃদ্ধি করা হবে।
 
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান জাতীয় সংসদ সদস্য মোরশেদ আলম, শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া, বিপিজিএমইএ সহ-সভাপতি এ এস এম কামালউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্যের বিশাল বাজার রয়েছে, যা পোশাকের বাজারের চেয়ে কয়েক গুণ বড়। কিন্তু আমরা পোশাকের ন্যায় প্লাস্টিকের প্রতি সেভাবে নজর দেইনি। অথচ তৈরি পোশাকের তুলনায় এই খাতের পণ্য রফতানি থেকে আরো বেশি আয় করা সম্ভব। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বব্যাপী প্লাস্টিকের বাজার খুঁজে বের করতে এ খাতের শিল্পেদ্যোক্তাদের পরামর্শ দেন।
 
মুস্তাফা কামাল বলেন, নতুন বাজার খুঁজে বের করতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া যেতে পারে যারা নতুন বাজার ধরতে কাজ করবে। এর পাশাপাশি প্লাস্টিক খাতে গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কেননা দক্ষ জনবল ছাড়া গুণগতমানের পণ্য তৈরি করা যায় না।