টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীর বাটা গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় সখিনা বেগম (৩০) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে আটটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক বাসটি আটক করেছে। নিহত সখিনা বগুড়া জেলার সোনাতলা থানার মধ্যদেব কান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটায় স্থানীয় পিমকী এ্যাপারেলস লিমিটেড কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সখিনা। বাটা গেটের সামনে দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী আজমেরি পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সখিনা স্টেশনরোড মাছিমপুর এলাকায় মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় অপারেটর হিসেবে চাকরি করে আসছিলেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
